ঠাকুরগাঁওয়ে কিশোর-দলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণসহ নির্যাতনের অভিযোগ উঠেছে একদল কিশোরের বিরুদ্ধে।
উপজেলার ঢোলারহাট ইউনিয়নের এই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম চয়ন জানিয়েছেন।
কিশোরীর সঙ্গে ‘ধর্ষণকারী’ এক কিশোরের প্রেমের সম্পর্ক ছিল। ওই কিশোর ঠাকুরগাঁওয়ের ইসলামনগর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। কিশোরী একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
চিকিৎসাধীন কিশোরীর অভিযোগ, “প্রেমের সম্পর্কের সুবাদে সোমবার রাতে সে আমাকে ফোন করে বাড়ির বাহিরে আসতে বলে। আমি বাড়ির বাইরে আসামাত্র সে ও তার এক বন্ধু আমাকে জোর করে মোটরসাইকেলে উঠিয়ে একটি মুরগির খামারে নিয়ে যায়।
“সেখানে তাদের আরও চার-পাঁচ বন্ধু মিলে আমার ওপর পাষবিক নির্যাতন করে।”
স্বজনরা জানান, কিশোরীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মঙ্গলবার রুহিয়া থানায় নেওয়া হয়। সেখানে কিশোরী অসুস্থ হয়ে পড়লে পুলিশের সহায়সতায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক রকিবুল আলম চয়ন বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ রয়েছে। তাকে সুস্থ করার জন্য আমরা কাজ করছি।”
কিশোরীর দেওয়া তথ্যের সূত্র ধরে পুলিশ সব ধর্ষণকারীকে চিহ্নিত করার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায়। তবে কিশোরীর পরিবার এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
