কুমিল্লায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, একজনের মৃত্যু
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে; তা ছাড়া পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ধানিস মার্কেটের সামনে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ওই ব্যক্তি মারা যান বলে জানিয়েছেন দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান।
মৃত সুরুজ মিয়া (৫০) উপজেলার ইউসুফপুর এলাকার বাসিন্দা।
ওসি আরিফুর গণমাধ্যমকে বলেন, “মঙ্গলবার রাতে নৌকা প্রতীকের কবির হোসেন ও ঘোড়া প্রতীকের মাজহারুল হক মামুনের সমর্থকদের মধ্যে মারামারি হয়। এ সময় সুরুজ মিয়া হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন। রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে শুনেছি।
“তবে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি”, যোগ করেন ওসি।
সুরুজ মিয়াকে নিজের সমর্থক দাবি করে আওয়ামী লীগের প্রার্থী কবির হোসেন এই ঘটনার বিচার চেয়েছেন।
প্রতিপক্ষের হামলায় আহত কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নে নৌকার প্রতীকের প্রার্থী কবির হোসেন। ছবি : সংগৃহীত
তবে অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল হক মামুন বলেন, “এ ঘটনায় আমার কোনো সমর্থক জড়িত নয়। প্রতিপক্ষ নিজেরাই এ ঘটনা সৃষ্টি করেছে। এখন আমাদের ওপর দায় চাপিয়ে নির্বাচনে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।”
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি ইউসুফপুর ইউনিয়নে ভোটগ্রহণ হবে।
