২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে রেললাইনে প্রাইভেটকার, ট্রেনের ধাক্কায় নিহত ৩

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 09:35 AM

Updated : 25 Oct 2022, 10:12 AM

বুধবার সকাল ৬টায় বিরামপুর-হাকিমপুর রেলপথের ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকার আব্দুল হালিম শাহর ছেলে হাফিজুর রহমান শাহ। পরিচয়পত্র দেখে তার ঠিকানা পাওয়া গেছে।

ওসি বলেন, “কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। আর প্রাইভেটকারটি পার্বর্তীপুর থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। সকাল ৬টায় ট্রেনটি যখন ঘোড়াঘাট রেলক্রসিং অতিক্রম করছিল তখন প্রাইভেটকারটি রেললাইনের উপর উঠে যায়।

“ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও দুই যাত্রী নিহত হন।”

পুলিশ ঘটনাস্থলে রয়েছে, উদ্ধারকাজ চলছে বলে জানান ওসি।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম গেটম্যান সাইফুজ্জামানের বরাত দিয়ে বলেন, “প্রাইভেটকারের যাত্রীরা পার্বতীপুর থেকে জয়পুরহাট অভিমুখে যাচ্ছিলেন। ট্রেন আসার খবরে গেটম্যান রেলগেট বন্ধ করে দেয়। কিন্তু প্রাইভেটকারের চালক বন্ধ রেলগেটের পাশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আর এতেই দুর্ঘটনাটি হয়।”