রোহিঙ্গা ক্যাম্পে এক লাখ ইয়াবাসহ যুবককে আটক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে এক লাখ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন – এপিবিএন সদস্যরা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকে এ অভিযান চালানো হয়।
আটক শামসু আলম (২৫) পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়িরবিল এলাকার আবু শামার ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান বলেন, রাতে ময়নারঘোনা ১১ নম্বর রোহিঙ্গা এ-১ ব্লকের আইসিআরসি হাসপাতালের সামনের মাদকের চালান লেনদেনের জন্য মাদক পাচারকারী চক্রের লোকজন অবস্থান করছে খবরে এপিবিএনের একটি দল সাদা পোশাকে অভিযান চালায়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে কাঁধে ব্যাগ ঝুলানো অবস্থায় সন্দেহজনক এক যুবককে দেখতে পেয়ে থামানো হয়।
"পরে যুবকটির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় এক লাখ ইয়াবা।"
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এপিবিএন-এর এই কর্মকর্তা।
