২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাম্বুলেন্স রাখল আটকে, ভেতরেই অসুস্থ শিশুর মৃত্যু

ঢাকার সাভারে এক মাইক্রোবাস চালকের বিরুদ্ধে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স পথে আটকে রাখার অভিযোগ উঠেছে, যেটার ভেতর থাকা এক অসুস্থ শিশু কিছুক্ষণ পরই মারা গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 12:45 AM

Updated : 02 Aug 2022, 02:49 PM

মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আশুলিয়ার বাইপাইলে এই ঘটনা ঘটে বলে পুলিশ, অ্যাম্বুলেন্স চালক ও শিশুটির পরিবার জানিয়েছে।

অ্যাম্বুলেন্স চালক মারুফ হোসেন বলেন, রাজধানীর মহাখালীর ক্যান্সার হাসপাতাল থেকে দুপুর আনুমানিক আড়াই দিকে অসুস্থ শিশু আফসানাকে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার উদ্দেশে রওয়ানা হন তিনি।

“সড়কে ওভারটেকিং নিয়ে আশুলিয়ার বাইপাইলে পৌঁছালে চলন্ত অবস্থায় অ্যাম্বুলেন্সটিকে পিছনে থাকা একটি মাইক্রোবাস সামনে এসে গতিরোধ করে।”

মারুফ হোসেন বলেন, “পরে মাইক্রোবাস গাড়ি থেকে নেমে আমাকে মারধর শুরু করে চাবি নিয়ে নেয়। অনেকবার অনুরোধ করেছি, ভিতরে জরুরি রোগী আছে। কোনো কথা শোনে নাই। ফোন দিয়ে আরও লোকজন নিয়ে আসে ওই চালক। পরে ৯৯৯ এ ফোন দেই; ট্রাফিক পুলিশ এসে প্রায় ৩০ মিনিট পর চাবি সংগ্রহ করে দেয়।”

পরে শিশুটিকে বেরন এলাকার নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে, বলেন মারুফ।

আশুলিয়া থানার এসআই সামিউল ইসলাম বলেন, খবর পেয়ে বেরন এলাকার নারী ও শিশু হাসপাতাল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে ঊধ্বর্তন অফিসারের সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

“এছাড়া অভিযুক্ত ‘হায়েস মাইক্রোবাস’ চালকসহ সকলের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে – নরসিংহপুর বাসস্ট্যান্ডে সাইড দেওয়া না দেওয়া নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পরে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের চালক। সেই সূত্র ধরে বাইপাইলে অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে ‘হাইয়েস মাইক্রোবাস’ চালক।

মাইক্রোবাসের চালকের নাম নজরুল ইসলাম আশুলিয়ার বাইপাইলে আব্দুল মজিদের মালিকানাধীন মাইক্রোবাসটি রেন্ট-এ কারে চালান বলে পুলিশ জানিয়েছে।  

নিহত শিশুর বাবা আলম মিয়া বলেন, তার শিশু মেয়ে ক্যান্সারের রোগী। রংপুর থেকে মহাখালীতে ডাক্তার দেখিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন। সাইড না পেয়ে মাইক্রোবাসের লোকজন অ্যাম্বুলেন্স চালককে মারধর শুরু করে।

“চাবি নিয়ে যায় তারা। দীর্ঘ সময় ধরেও চাবি ফেরত পাইনি। এক সময় আমার মেয়ে অ্যাম্বুলেন্সেই মারা গেল।”

আলম মিয়া জানান, গাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানঘড়ার সাপলামিল এলাকায় তাদের বাড়ি। প্রায় ৪ মাস ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেখান থেকে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে রেফার্ড করলে তাকে নিয়ে ঢাকায় আসেন তারা। ডাক্তার দেখিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন।