পাবনায় শিশুকে পিটিয়ে আহত করলেন মাদ্রাসা সুপার
পাবনায় মোবাইল ফোনে ‘গজল শোনার অপরাধে’ শিশুশিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন এক মাদ্রাসা সুপার।
জেলার বেড়া পৌরসভার বৃশালিখার রহিমা খাতুন মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার সুপার রহমতুল্লাহ পেটানোর কথা স্বীকারও করেছেন।
তার বিরুদ্ধে শিশুর পরিবার থানায় অভিযোগ দিয়েছে বলে জানিয়েছেন বেড়া থানার ওসি অরবিন্দ সরকার।
অভিযোগে বলা হয়েছে, মাদ্রাসার কিতাব বিভাগের ১৩ বছর বয়সী এক শিক্ষার্থী সোমবার রাত সাড়ে ১০টার দিকে মাদ্রাসার আবাসিক রুমে বন্ধুর মোবাইল ফোনে গজল শুনছিল। সে সময় মাদ্রাসার সুপার রহমতুল্লাহ গিয়ে মোবাইল ফোন কেড়ে নেন এবং তাকে উপর্যুপরি বেত্রাঘাত করেন। পরে তাকে শাসিয়ে বেত্রাঘাতের কথা কাউকে না জানাতে বলেন এই সুপার। কিন্তু শিশুটি যন্ত্রণায় রাতে ঘুমাতে পারেনি এবং তার কান্নাকাটির খবর পান পরিবারের সদস্যরা। সকালে তারা তাকে মাদ্রাসা থেকে উদ্ধার করেন। পরে শিশুর দাদি থানায় অভিযোগ দেন।
সুপার রহমতুল্লাহ অভিযোগ স্বীকার করে বলেন, “আমাদের মাদ্রাসায় মোবাইল ফোন নিষিদ্ধ হওয়ায় মোবাইল বাজানোর অপরাধে তাকে পেটানো হয়েছে।”
তবে মাদ্রাসার সভাপতি মুকুল হোসেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
মুকুল হোসেন বলেন, “আমি শিশুটির পরিবারকে বলেছি, বাদী-বিবাদীর বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
আর পুলিশ ঘটনা তদন্ত করে আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ওসি অরবিন্দ সরকার।
