২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের আদালতে বিচারকালে আসামির মৃত্যু

ফরিদপুরের আদালতে বিচার চলাকালে এক আসামি ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে মারা গেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 04:51 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম ফরিদ উদ্দিনের আদালতে মঙ্গলবার দুপুরের শাহজাহান মৃধা (৭০) নামে এই ব্যক্তি মারা যান বলে তার আইনজীবী মো. আবু জাফর জানান।

শাহজাহান মৃধা জেলার চরভদ্রাসন উপজেলার মৌলভীর চর গ্রামের বাসিন্দা।

আদালতে তার বিরুদ্ধে প্রতারণা মামলার বিচার চলছিল।

আইনজীবী আবু জাফর বলেন, গত বছর মৌলভীর চর এলাকার বাসিন্দা দুলাল মিয়া বাদী চারজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। এই মামলার আসামি ছিলেন শাহজাহান। দুপুরে ওই মামলার শুনানি চলছিল। এ সময় মামলার সব আসামি ছিলেন।

“হঠাৎ শাহজাহান অসুস্থ হয়ে পড়েন। বিচারক তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। তাকে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

হাসাপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গণেশ কুমার আগরওয়ালা বলেন, “হাসপাতালে আনার আগেই শাজাহান মৃধার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”