২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘৪৫ কোটি’ টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির পর ৪৫ কোটি টাকা মূল্যের নয় কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 10:20 PM

Updated : 28 Apr 2022, 11:34 PM

বিজিবি ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদি হোসাইন কবির বলেন, রোববার মধ্যরাতে উখিয়া উপজেলার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের বালুখালী কাটাপাহাড় এলাকায় এই গোলাগুলি হয়।

তবে বিজিবি সদস্যরা এ সময় কাউকে ধরতে পারেননি।

বিজিবি কর্মকর্তা মেহেদি হোসাইন বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা সংলগ্ন একটি গোপন আস্তানায় মাদকের বড় একটি চালান পাচারের জন্য মজুদ করার খবর পেয়ে বিজিবির একটি দল কমান্ডো অভিযান চালায়।

“রোহিঙ্গা মাদক কারবারি নবী হোসেনের আস্তানা ঘিরে ফেলেন বিজিবি সদস্যরা। পাচারকারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অতর্কিতে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা পাল্টা গুলি ছোড়েন। গোলাগুলির একপর্যায়ে পাচারকারিরা সীমান্তের গোলপাতা বাগানের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে নয় কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এর দাম আনুমানিক ৪৫ কোটি টাকা।”

এটি দেশে ক্রিস্টাল মেথ আইসের সবচেয়ে বড় চালান বলে তিনি জানান।