রাজশাহীর কোভিড ইউনিটে আরও ৪ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলের করোনাভাইরাস ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এক বিজ্ঞপ্তিতে জানান।
তাদের দুইজনের বাড়ি রাজশাহী এবং অন্য দুইজন চাঁপাইনবাবগঞ্জের। তাদের তিনজন পুরুষ ও একজন নারী। তাদের দুইজন আইসিইউতে ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ইউনিটে ভর্তি হয়েছেন নয়জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন নয়জন। ১০৪ শয্যার ইউনিটে সোমবার সকাল ৮টা পর্যন্ত রোগী ছিলেন ৬৩ জন। তাদের মধ্যে আক্রান্ত ৩৬ জন আর উপসর্গ নিয়ে ছিলেন ২২ জন। উপসর্গ নিয়ে ভর্তি হলেও কোভিড শনাক্ত হয়নি পাঁচজনের।
রোববার তাদের হাসপাতাল ল্যাব ও মেডিকেল কলেজের ল্যাবে জেলার ৪৬৩ জনের পরীক্ষায় ১৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
