২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় নির্বাচনের দিন সদস্য প্রার্থীর মৃত্যু

নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন চলাকালীন এক সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 03:35 PM

Updated : 25 Jul 2022, 04:39 PM

নিয়ামতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধরমপুর গ্রামে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নকুল চন্দ্র দাস নামের ওই সদস্য প্রার্থীর মৃত্যু হয় বলে নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান।

৫৮ বছর বয়সী নকুল ওই ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। তিনি বৈদ্যুতিক পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

নকুলের ছেলে স্বপন চন্দ্র দাস বলেন, “বাবা সকালে বাসা থেকে বের হয়ে একটি ব্যাটারি চালিত ভ্যানে করে ভোট কেন্দ্রে যাচ্ছিলেন। পথে তার মৃত্যু হয়।”

জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, “৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী নকুল অসুস্থ ছিলেন; সকালে ভোট কেন্দ্রে যাওয়ার পথে রিকশা ভ্যানে ওঠার সময় ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ তার মৃত্যু হয় বলে শুনেছি।”

এ ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মামুন জানান।

নওগাঁ জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়নে মোট ৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। এ ইউপিতে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৪৭ জন ভোটার রয়েছেন।  এর মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৬০৩ জন। আর নারী ভোটার ১ লাখ ২৪৪ জন।

আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।