২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২

রাজবাড়ীতে ধীরে চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার পর একটি প্রাইভেট কারের দুই আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2022, 11:08 PM

Updated : 28 Apr 2022, 11:33 PM

রোববর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাইভেট কারের চালক মাসুদ মৌলভী (৫০) এবং ফরিদপুরর সদর উপজেলার খলিলপুর বাজার কমিটির সভাপতি কামরুজ্জামান হিটু সরদার (৪০)।

আহতরা হলেন ফরিদপুর সদরের সুলতানাপুর ইউনিয়নের রওশন ব্যাপারীর ছেলে শামীম ব্যাপারী (৪০), মাচ্চর ইউনিয়নের প্রয়াত আজিজুল হকের ছেলে জিএম মোর্শেদ প্রিন্স (৫০) এবং মাচ্চর ইউপি সদস‍্য আলীমুজ্জামান (৪০)।

আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বসন্তপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সিদ্দিকুর রহমান বলেন, রাত ৮টার দিকে হঠাৎ চিৎকার চেচামেচি শুনতে পেয়ে রেল ক্রসিংয়ের কাছে যাই। ঘটনাস্থলেই মাসুদ মৌলভী ও কামরুজ্জামান হিটু সরদার মারা গেছেন।

মাছচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন গরীবুল্লাহ জানান, ব্যবসায়িক কাজ শেষ করে ঢাকা থেকে শিবরামপুর ফেরার পথে বসন্তপুর রেলগেট এলাকায় তারা দুর্ঘটনায় পড়েন।

খানখানাপুর তদন্ত কেন্দ্রের এসআই শরিফুল ইসলাম বলেন, দুইটা গাড়িই ফরিদপুরগামী ছিল। সামনে ছিল ট্রাক আর পিছনে প্রাইভেট কার।

“রাত ৮টার দিকে বসন্তপুর রেল ক্রসিংয়ের স্পিড ব্রেকারে ট্রাকটি স্লো করলে পেছনে থাকা প্রাইভেট কারটি এসে ধাক্কা মারে; এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের দুইজন নিহত হন।“

পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।