২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-বোমা উদ্ধার

বরিশালে হত্যাসহ একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব; এসময় অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।   

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2022, 03:31 PM

Updated : 25 Oct 2022, 10:11 AM

শুক্রবার ভোরে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-৮ এর উপপরিচালক মেজর জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তার বাবুল হাওলাদার ওরফে ‘বোমা‘ বাবুলের (৬০) বাড়ি ভোলা সদরের দিঘলদি এলাকায়। তার বিরুদ্ধে ভোলা ও দৌলতখান থানায় হত্যা, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

দুপুরে এক সংবাদ সম্মেলনে উপপরিচালক বলেন, বাবুল পেশাদার অস্ত্র ও বোমা বিক্রেতা। তিনি নিজেই বোমা তৈরি করেন। দীর্ঘদিন ধরে তিনি র‍্যাবের গোয়েন্দা নজরদারিতে ছিলেন।

“বাবুলকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, চারটি অ্যামোনেশন, তিনটি বোমা, বোমা তৈরির ৮০০ গ্রাম গানপাউডার, ২৪টি ম্যাচ, ৫০টি মার্বেল, দুই প্যাকেট বিয়ারিং বল, ১০টি জর্দ্দার কৌটা, বিস্ফোরক ভর্তি ১২টি কলম, পাঁচটি লাল টেপ, পাঁচ মিটার বৈদ্যুতিক তার, দুই কেজি কাচের টুকরা উদ্ধার করা হয়।”

মেজর জাহাঙ্গীর বলেন, এ ঘটনায় বরিশাল কোতোয়ালী থানায় একটি মামলা করেছে র‍্যাব।