কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রি অফিসে ‘ঘুষের টাকাসহ’ নারী আটক
কুষ্টিয়ার একটি সাব-রেজিস্ট্রি অফিস থেকে তিন লাখের বেশি ঘুষের টাকাসহ এক নারী অফিস সহকারীকে আটক করেছে দুদক।
কুষ্টিয়া দুদক কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল জানান, দৌলতপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস থেকে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জান্নাতুল আক্তার (৪৯) নামের ওই নারী সহকারীকে আটক করা হয়।
জান্নাতুলকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ দুদক কর্মকর্তা।
নীল কমল বলেন, দৌলতপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি সেবা নিতে ঘুষ দিতে হয় এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
তিনি বলেন, উদ্ধার হওয়া ওই টাকার উৎস অথবা কোনো রশিদ দেখাতে পারেননি জান্নাতুল। গত ২৬ জানুয়ারি ২৮৩টি দলিল রেজিস্ট্রেশনের জন্য ওই টাকা অবৈধভাবে নেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
