পাবনায় আদালত চত্বরে আইনজীবীকে মারধর
যৌতুক মামলার অভিযোগকারী ও আসামি পক্ষের বিরোধের জেরে পাবনা আদালত চত্বরে হামলায় তিন আইনজীবী মারধরের শিকার হয়েছেন।
বুধবার বিকালে আদালত চত্বরে এ ঘটনা ঘটে বলে পাবনার আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আব্দুল আহাদ বাবু জানান।
আব্দুল আহাদ বলেন, পাবনা আদালতের জ্যেষ্ঠ আইনজীবী খায়রুল আলম দুলাল তার মক্কেল মো. কামরুজ্জামান, মক্কেলের মেয়েজামাই মামলার সাক্ষী মো. মাসুদুজ্জামানকে নিয়ে বুধবার সকালে আদালতে আসেন। তারা কামরুজ্জামানের স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে এসেছিলেন।
“তারা পাবনা বার সমিতির কাছে একটি হোটেলে খাবার খাচ্ছিলেন; তখন একদল বহিরাগত যুবক তাদের অপহরণ করে নিয়ে যায়। এ সময় কামরুজ্জামান পালিয়ে যেতে সক্ষম হলেও বহিরাগত যুবকেরা তার মেয়েজামাই মাসুদুজ্জামানকে ধরে নিয়ে গিয়ে প্রথমে শহরের তাড়াশ ভবনে ও পরে এলএমবি মার্কেটের একটি কক্ষে আটকে রাখে।”
আব্দুল আহাদ বলেন, পরে ওই বহিরাগতরা আবার আদালত প্রাঙ্গণে এসে কামরুজ্জামান ও তার আইনজীবীদের সঙ্গে তর্ক শুরু করে। এ সময় আইনজীবীরা পরিস্থিতি সামাল দিতে গেলে পাবনা পৌরসভা চত্বরে আইনজীবী রিজভী শাওন, আশরাফুজ্জামান প্রিন্স ও প্লাবনকে মারধর করে বহিরাগতরা। এক পর্যায়ে আইনজীবীরা পৌরসভা ভবনে দৌড়ে আশ্রয় নিলে বহিরাগত যুবকেরা সেখানেও তাদের মারধর করে।
মারধরের শিকার আইনজীবী রিজভী শাওন বলেন, “জ্যেষ্ঠ আইনজীবী খায়রুল আলমের মামলার সাক্ষীকে অপহরণ হওয়ায় আমরা তার কাছে ঘটনা শুনছিলাম। এ সময় জনি ও রাশেদ নামের দুই যুবকের নেতৃত্বে বহিরাগতরা আমাদের মারধর শুরু করে।
“তারা সাক্ষী মাসুদুজ্জামানকে অপহরণ করে ভয়ভীতি দেখিয়েছে। পরে ঘণ্টা দুয়েক পরে পাঁচ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে।”
পাবনা আদালতের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, “পৌরসভা চত্বরে ও মেয়রের কক্ষের সামনেই হামলা ও মারধর করা হলেও পৌর কর্তৃপক্ষ আমাদের রক্ষায় কোনো উদ্যোগ নেয়নি। বরং হামলার খবব পেয়ে সহকর্মী আইনজীবীরা পৌরসভা কার্যালয়ে আমাদের উদ্ধারের জন্য গেলেও তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। দীর্ঘ সময় পৌরসভার প্রধান ফটকে তালা ঝুলিয়ে রাখা হয়।”
পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান বলেন, “আইনজীবীদের কয়েকজন পৌর চত্বরে ঢুকলে তাদের পিছু নেওয়া কয়েকজন সেখানে এসে তাদের মারপিট করেছে বলে শুনেছি। বহিরাগতরা মারধরের পর জন্ম নিবন্ধনের সেবা প্রার্থীদের ভিড়ে মিশে যায়। পরে আইনজীবীরা দলবেঁধে পৌরভবনে আসলে নিরপত্তার স্বার্থে ফটক বন্ধ রাখা হয়েছিল।”
তবে এ ঘটনায় কারা হামলাকারী তারা চিহ্নিত করতে পারেননি বলে জানান মেয়র শরিফ।
পাবনা সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জুয়েল জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই; কিন্তু পৌরসভা অফিস চত্বরে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
অ্যাডভোকেট আবদুল আহাদ বাবু বলেন, “বহিরাগতরা আইনজীবীদের ওপর হামলা ও আইনজীবীদের লাঞ্ছিত করা খুবই দুঃখজনক। আইনজীবীদের উপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় আইনজীবী সমিতি পদক্ষেপ নেবে। মামলা দায়েরের বিষয়টিও প্রক্রিয়াধীন।”
