জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকের মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তিলকপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান জানান।
নিহত আন্ত মিয়ার (৫০) বাড়ি আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, আন্ত মিয়া সকালে ভ্যানগাড়ি নিয়ে তিলকপুর বাজারে যান। সেখানে স্টেশনের পাশে ভ্যানগাড়ি রেখে প্ল্যাটফর্মে লোকজনের সঙ্গে গল্প করছিলেন।
“সকাল পৌনে ৯টার দিকে প্ল্যাটফর্ম থেকে নেমে পূর্ব দিকের বাজারে যাওয়ার জন্য রেললাইন পার হওয়ার চেষ্টা করেন আন্ত। এ সময় রাজশাহী থেকে চিলাহাটীগামী আন্তঃনগর তিতুমীর এক্সেপ্রেসে কাটা পড়েন তিনি।”
প্রত্যক্ষদর্শী তিলকপুর বাজারের গবাদিপশু চিকিৎসক আবু হাসান বলেন, “ভ্যানচালক আন্ত মিয়া দুই নম্বর রেললাইনে ওঠার পরপরই ট্রেনে কাটা পড়েন।”
