স্ত্রী-কন্যাসহ কোভিড আক্রান্ত সাংসদ মোকতাদির
স্ত্রী ও মেয়েসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
সোমবার বিকালে সাংসদ মোকতাদির নিজেই ফেইসবুকে এক পোস্টে পরিবারের তিনজনের আক্রান্ত হওয়ার তথ্য জানান।
সাংসদের স্ত্রী অধ্যাপক ফাহিমা খাতুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক। বর্তমানে তিনি ইউনিভার্সিট অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার পদে কর্মরত আছেন। তাদের মেয়ে অন্বেষা বাইরে থেকে পড়াশোনা শেষ করে দেশেই অবস্থান করছেন।
সাংসদ মোকতাদির চৌধুরী গণমাধ্যমকে জানান, করোনা পজিটিভি হলেও শারীরিক কোনো সমস্যা তার হচ্ছে না। বাড়িতে থেকেই তারা চিকিৎসা নেবেন।
মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত সহকারী এম এ এইচ মাহবুব আলম মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সকালে সংসদ সদস্য নিজের এবং তার স্ত্রী ও মেয়ের করোনা পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। বিকেলে তাদের তিনজনের রিপোর্টই পজিটিভ এসেছে।”
