২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি ধরতে গিয়ে হামলার মুখে চকরিয়ার পুলিশ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযানে গিয়ে হামলার মুখে পড়ার কথা জানিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2022, 02:54 PM

Updated : 02 Aug 2022, 02:43 PM

চকরিয়া থানার ওসি মো. ওসমান গনি বলেন, রোববার মধ্যরাতে উপজেলার বদরখালী ইউনিয়নের ঠুটিয়াখালী এলাকায় ওই হামলার ঘটনায় দুজন এসআই এবং তিনজন কনস্টেবল আহত হয়েছেন।

পরে মোহাম্মদ সাগর নামের ২৮ বছর বয়সী এক যুব্ককে গুলিবিদ্ধ অবস্থায় সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। সাগর ওই উপজেলার বদরখালী ইউনিয়নের ঠুটিয়াখালী এলাকার আব্দুল জলিলের ছেলে।

এ ঘটনায় সোমবার সকালে একটি মামলা করেছেন চকরিয়া থানার এসআই গোলাম সারোয়ার।

সাগর ছাড়াও মোহাম্মদ ছোটন ও মোহাম্মদ রাজীবের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে সেখানে আসামি করা হয়েছে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার দুপুরে ‘বদরখালী সমবায় সমিতির’ কার্যালয়ের সামনে জমির বিরোধ নিয়ে একটি সালিশ বসে। সেখানে প্রতিপক্ষের হামলায় জয়নাল আবেদীন (৪০) নামের একজন নিহত হন, আহত হয় চারজন।

ওই ঘটনার জড়িতদের ধরতে মধ্যরাতে পুলিশ সেখানে অভিযান চালায় বলে জানান ওসি।

তিনি বলেন, “পুলিশ যাওয়ার পর একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চকরিয়া থানায় পাঁচ পুলিশ সদস্য আহত হন।

“আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত একজনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।”

ওসমান গনি বলেন, আহত পুলিশ সদস্য ও গ্রেপ্তার সাগরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাগরের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সালিশে জয়নাল আবেদীন হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানান ওসি।

তিনি বলেন, “নিহতের স্বজনরা এজাহার জমা দিলে মামলা নথিভুক্ত করা হবে। হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”