২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাব্বরের আসনে শুভ

আওয়ামী লীগ নেতা মো. একাব্বর হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী খান আহমেদ শুভ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2022, 09:56 PM

Updated : 02 Aug 2022, 02:36 PM

রোববার দিনভর ভোট শেষে রাতে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী ফলাফল ঘোষণা করেন।

নৌকার প্রার্থী শুভ পেয়েছেন এক লাখ চার হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহিরুল হক জহির লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।

এ ছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি) এক হাজার ৪৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির রূপা রায় চৌধুরী (ডাব) ৪৩৮ ভোট, এবং স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু (মোটরগাড়ি) পেয়েছেন দুই হাজার ৪৩৬ ভোট। 

নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। নির্বাচনে ভোট পড়েছে ৩৬ দশমিক ৬৩ শতাংশ।

ভোটের মধ্যে কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে জাতীয় পার্টির জহিরুল হক জহির নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন।

গত বছর ১৬ নভেম্বর চারবারের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের মৃত্যুতে টাঙ্গাইল-৭ আসনটি শূন্য হয়।

উপ নির্বাচনে জয় পাওয়া খান আহমেদ শুভ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সাংসদ ফজলুর রহমান খানের ছেলে।

তিনি এফবিসিসিআইয়ের একজন পরিচালক এবং টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজ লিমিটেডের সভাপতি। জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটিতে তিনি সদস্য হিসেবে আছেন।