সাভারে ‘অটোরিকশা ছিনতাই চক্রের’ ৪ সদস্য আটক
ঢাকার সাভারে অভিযান চালিয়ে ‘অটোরিকশা ছিনতাইকারী চক্রের’ চার সদস্যকে আটকের খবর জানিয়েছে র্যাব।
শনিবার সাভারের পূর্ব রাজাসনের বিরুলিয়া রোড এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাব ৪-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
আটক ব্যক্তিরা হলেন- নড়াইলের মো. পারভেজ শেখ (২৮), রংপুরের আল-আমিন (২২), জয়পুরহাটের মো. আজাহার আলী (৪৩) ও ফরিদপুরের মো. মাহতাব (৪২)।
রোববার দুপুরে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জানুয়ারির এক অভিযোগের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল পূর্ব রাজাসন বিরুলিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় একটি অটোরিকশা, চারটি মোবাইল ফোন ও ৭০০ টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত। যাত্রীর বেশে অটোরিকশা ভাড়া করে চালককে চেতনানাশক খাইয়ে নির্জন এলাকায় নিয়ে ছিনতাই করতেন তারা। পরে তারা অটোরিকশার মালিকের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তা ফেরত দেওয়ার কথা বলে বিকাশে টাকা দাবি করতেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুরসহ ঢাকার পাশের বিভিন্ন এলাকায় গিয়ে অটোরিকশা, প্রাইভেট কার ছিনতাইয়ের সঙ্গে জড়িত। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকেও ছিনতাই করতেন আটককৃতরা।
