২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর

মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজয়ীর সমর্থকদের বিরুদ্ধে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2022, 06:13 PM

Updated : 28 Apr 2022, 11:28 PM

শনিবার সন্ধ্যায় ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান।

স্থানীয়রা জানান, গত ১১ নভেম্বর মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী শাহেদ পারভেজের বিপক্ষে আনারস প্রতীকে অংশ নেন হাফিজুর রহমান সরদার মিলন। ওই নির্বাচনে শাহেদের কাছে মিলন সরদার পরাজিত হন।নির্বাচনের পর থেকে মিলনের কর্মী-সমর্থকরা হামলা, মামলা ও নির্যাতনের অভিযোগ করে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় শাহেদের সমর্থক মানিক গংরা মিলনের ঘর ও অফিসে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাফিজুর রহমান মিলন সাংবাদিকদের বলেন, “নির্বাচনের জের ধরে শনিবার সন্ধ্যায় বিজয়ী চেয়ারম্যান শাহেদ পারভেজের কর্মী মানিক গংরা আমার পুরান বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুর করে। পরে আমার ব্যবসা প্রতিষ্ঠান ইট ভাটায় গিয়ে ভাটার ভেতরে থাকা অফিস ঘরেও ব্যাপক ভাংচুর চালায় এবং সেখানে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমি চরম নিরাপত্তহীনতায় আছি “

অভিযোগের বিষয়ে বিজয়ী চেয়ারম্যান শাহেদ পারভেজ বলেন, “সাবেক চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে আমার কর্মী সমর্থকরা হামলা করেনি। এটা তার ব্যক্তিগত বিরোধে হতে পারে বলে শুনেছি।”

ওসি বলেন, “এ ঘটনায় রোববার বিকাল পর্যন্ত থানায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।”