শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি, গোপালগঞ্জে ‘৩ হাজার’ মানুষকে অপ্যায়ন
স্বাধীনতার ৫০ বছর পর এক শহীদ মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাওয়ায় তার পরিবার ‘তিন হাজার’ মানুষকে আপ্যায়ন করেছে।
জেলার কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গোয়াল গ্রামের গোলজার হোসেন মৃধার পরিবার বৃহস্পতিবার এই আয়োজন করে।
গোলজার হোসেনের ছোট ভাই মো. আব্দুস সালাম মৃধা বলেন, তার ভাই গোলজার হোসেন যখন মাদ্রাসায় আলিম শিক্ষার্থী তখন তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন।
“আমার ভাই সে সময় খান শিহাব উদ্দিনের নেতৃত্বে গোপালগঞ্জ মহকুমার উলপুরে পাকসেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে বুলেটবিদ্ধ হয়ে মারা যান। পরে ওই এলাকায় তাকে সমাহিত করা হয়। সে সময় তার বয়স হয়েছিল ১৯ বছর। কিন্তু স্বাধীনতার দীর্ঘদিন পর ২০২১ সালের গেজেটে সাধারণ শহীদ মুক্তিযোদ্ধার তালিকায় গোলজার হোসেনের নাম অন্তর্ভুক্ত হয়।”
কাশিয়ানী উপজেলার গোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই গণভোজের আয়োজন করা হয়। তাতে মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা গোলজার হোসেনে রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
সবাই এমন আয়োজনের প্রশংসা করেন।
গোলজার হোসেনের সহযোদ্ধা পরিচয় দিয়ে এমএম জালাল উদ্দিন আহম্মেদ বলেন, “গোলজার আহম্মেদ আমার সহযোদ্ধা ছিলেন। তিনি সম্মুখযুদ্ধে পাকসেনার গুলিতে নিহত হন। সে সময় আমার আরও দুইজন সহযোদ্ধা নিহত হন। একাত্তরের সেই স্মৃতি মনে পড়লে আজও আঁতকে উঠি। ৫০ বছর ধরে সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছি। তবে এত দিন পর হলেও সহযোদ্ধা গোলজার হোসেনের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেখে যেতে পারলাম। এটা অত্যন্ত আনন্দের খবর।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শহীদ গোলজার হোসেন মৃধার ভাইয়েরা যা দেখিয়েছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। এ ধরনের আয়োজন এর আগে কখনও দেখিনি। খুব ভালো লাগল।”
গোলজার হোসেন শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ায় আনন্দিত হয়েছেন বলে জানান কাশিয়ানী থানার সাবেক মুক্তিযোদ্ধা সসদ কমান্ডার এনায়েত হোসেন।
কাশিয়ানীর ইউএনও রথীন্দ্রনাথ রায় বলেন, “সর্বশেষ প্রকাশিত গেজেটে বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের নাম এসেছে। দেরিতে হলেও তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।”
