উখিয়া সীমান্তে ‘বিজিবির সঙ্গে গোলাগুলি’, ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তে একদল লোকের সঙ্গে ‘গোলাগুলির’ পর ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে বিজিবি; তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার ভোরে পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া কাটাখালের মুখ থেকে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হোসাইন কবির।
তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে দাবি করে অধিনায়ক বলেন, “সন্দেহজনক চার-পাঁচজনকে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি থামার জন্য নির্দেশ দেয়। তখন তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা ২০টি গুলি করে।”
এক পর্যায়ে দুষ্কৃতকারীরা পিছু হটে; তখন সেখানে পাওয়া একটি ব্যাগ থেকে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
তিনি আরও বলেন, আশপাশে তল্লাশি করেও কাউকে পাওয়া যায়নি। উদ্ধার করা ইয়াবা গুলো বিজিবির দপ্তরে মজুদ রাখা হয়েছে।
