পুলিশ ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে: তৈমুর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার তার নেতাকর্মীদের বাড়িঘরে পুলিশ গিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন।
রোববার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এই অভিযোগ করেন।
তৈমুর বলেন, গত শুক্রবার তার নির্বাচনী প্রচারে ধামঘর ইউপি চেয়ারম্যানসহ চার জন চেয়ারম্যান ছিল। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আকরাম তার মিছিলে ছিলেন।
“শনিবার রাতে ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়েছে। তার বাড়ি থেকে নিরাপত্তা প্রহরীকে ধরে নিয়ে গেছে। আমার দলের এবং অন্যান্য অনেক বাড়িঘরে গিয়ে পুলিশ হানা দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। সাদা পোশাকে পুলিশ গিয়ে বলছে – নৌকার নির্বাচন করতে হবে। ট্রাকে ট্রাকে অপোশাকধারী পুলিশ গিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে।”
প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইভীর দিকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসনের সদ্য সাবেক হওয়া উপদেষ্টা তৈমুর আলম খন্দকার বলেছেন, “আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার নিজ দলের এমপিদের গডফাদার বলেছেন। বিষয়টি তাদের নিজস্ব ও দলীয় ব্যাপার। এখানে আমাকে জড়িত করা হইছে, সে ব্যাপারে আমার বক্তব্য স্পষ্ট। ২০১৮ সালে প্রধানমন্ত্রী তিনবার বলেছেন তৈমুর আলম একজন উইনেবল ক্যান্ডিডেট। বিগত ৫০ বছরে মানুষের সাথে আমার সর্ম্পকের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীও আমাকে ভোট দিতেন।”
তৈমুর আরও বলেন, “মেয়র আইভী যদি আজকে প্রার্থী না হতেন, তিনিই আমার নির্বাচনী পরিচালনার অন্যতম দায়িত্বে থাকতেন এবং আমাকে ভোট দিতেন।”
এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
