২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নিখোঁজ সাবেক সেনার লাশ মিলল ৬ দিন পর

গাজীপুরে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ; যিনি ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2022, 07:47 PM

Updated : 02 Aug 2022, 02:31 PM

রোববার সকালে নগরীর মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেললাইনের পাশের ঝোপে লাশটি পাওয়া যায় বলে গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাফিউল হক জানান।

পুলিশ জানায়, আব্দুল বারী (৪৬) নামে ওই ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোপীনাথপুরে। তিনি গাজীপুর মহানগরের দক্ষিণ চতর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন তিনি।

আব্দুল বারীর স্ত্রী জোসনে আরা পারভীন সাংবাদিকদের জানান, গত সোমবার সকালে খেজুর রস আনতে চাপুলিয়া বাজারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিনি। পরে তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করা হয়।

পরিদর্শক রাফিউল হক বলেন, “লাশ পড়ে থাকার খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিখোঁজ আব্দুল রাবীর স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।