২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীরে ট্রলার ডুবি: লঞ্চের চালকসহ ৩ জন কারগারে

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় দায়ের করা মামলায় ‘এম ভি ফারহান-৬’ লঞ্চের চালকসহ তিন আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2022, 03:24 PM

Updated : 25 Jul 2022, 04:37 PM

রোববার দুপুরে জেলার জেষ্ঠ্য বিচারিক হাকিম নূর নাহার ইয়াসমিন এ আদেশ দেন বলে আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান।

আসামিরা হলেন- লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান, চালক মো. জসিমউদ্দিন ভূইয়া ও সুকানি মো. জসিম।

ফতুল্লায় ধলেশ্বরী নদীতে গত ৫ জানুয়ারি সকালে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে অন্তত ১০ জন নিখোঁজ হন। দুর্ঘটনার জন্য দায়ী ‘‘এম ভি ফারহান-৬’ নামের এই লঞ্চটির মালিক বরিশাল-৩ (মুলাদি-বাবুগঞ্জ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। লঞ্চটি ঢাকা-বেতুয়া রুটে চলাচল করে।

দুর্ঘটনার পর কেরাণীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে লঞ্চটি আটক এবং তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বিআইডব্লিউটিএ উপ-পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ) বাবু লাল বৈদ্য ফতুল্লা মডেল থানায় মামলা করেন ।ওই দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের মধ্যে রোববার মা-মেয়েসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়।

পরির্দশক আসাদুজ্জামান বলেন, “এর আগে বৃহস্পতিবার তিন আসামিকে আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রোববার শুনানির দিন ধার্য করেছিল। দুপুরে বিচারক রিমান্ড আবেদন না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

এদিকে উদ্ধার চারজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে সদর উপজেলা প্রশাসন। রোববার বেলা সাড়ে ৩টা পর্যন্ত ৬ যাত্রী এবং ডুবে যাওয়া ট্রলারটির হদিস মেলেনি।

পুরনো খবর:

ধলেশ্বরীতে ট্রলার ডুবি: পাঁচদিন পর মিলল ৪ লাশ