জাবি প্রেসক্লাবের নেতৃত্বে ইমন-নাঈম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি পদে ইমন মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে নূর হাছান নাঈম নির্বাচিত হয়েছেন।
ইমন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আর নাঈম সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
২০২২-২০২৩ মেয়াদে তারা নির্বাচিত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রেসক্লাব কক্ষে নির্বাচনের ভোট শুরু হয়। বেলা ২টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক মো. আলমগীর কবীর।
নির্বাচিত অন্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি পদে শিহাব উদ্দিন, যুগ্ম-সম্পাদক হাসিব সোহেল, কোষাধ্যক্ষ মুসাদ্দেকুর রহমান, দপ্তর সম্পাদক নোমান বিন হারুন, গ্রন্থাগার সম্পাদক ফাইজার মো. শাওলীন, কার্যকরী সদস্য খালেদ জুবায়ের শাবাব ও ওয়াজহাতুল ইসলাম।
ফল ঘোষণার সময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সহযোগী অধ্যাপক তানজিনুল হক মোল্লা, সহকারী অধ্যাপক মো. রনি হোসাইন এবং সদস্যসচিব হিসেবে ছিলেন জাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুসা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে।
