মাদক মামলায় সাজা খেটে ফের মাদকসহ গ্রেপ্তার
ফেনী সদর উপজেলায় মাদক মামলায় সাজা খেটে এক ব্যক্তি ফের ইয়াবা ও আইসসহ গ্রেপ্তার হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার লালপোল এলাকা থেকে ২১ হাজার ইয়াবা ও ১.২০ গ্রাম আইসসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানায় র্যাব।
গ্রেপ্তারকৃত মো. আলিম উদ্দিন শেখ (৫০) গাইবান্ধার পলাশবাড়ি থানার সাতারপাড়া এলাকার নজলার রহমানের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলিম উদ্দিনের বিরুদ্ধে গাইবান্ধার বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। একটি মামলায় পাঁচ বছর সাজা খেটে গত ২৪ নভেম্বর জেল থেকে বের হয়ে ফের মাদক ব্যবসা করেন আলিম।
উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক দাম দেড় কোটি টাকার বেশি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
র্যাব ৭-এর ফেনী ফাঁড়ির কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, গোপন খবরের ভিত্তিতে র্যাব সদস্যরা দুপুরে লালপোল এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করেন। এ সময় চেকপোস্টে মোটরসাইকেল না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা আলিম উদ্দিনকে আটক করেন।
“তল্লাশি করে তার মোটরসাইকেলের তেলের টাংকির নিচ থেকে ২১ হাজার ২০৫ ইয়াবা ও ১.২০ গ্রাম আইস উদ্ধার করা হয়।”
আলিমকে ফেনী থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের ইমরান।
