২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লুসহ ১৯ সদস্যের প্রতিনিধি দল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2022, 09:20 PM

Updated : 02 Aug 2022, 02:30 PM

কক্সবাজারের ডিসি মো. মামুনুর রশীদ জানান, শনিবার সকালে তুরস্কের ইস্তাম্বুল থেকে বিশেষ বিমানে সরাসরি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লুসহ ১৯ সদস্যের এই প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলের সদস্যরা সেখান থেকে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরে যান। সকাল সাড়ে ১০টায় তারা সেখানে তুরস্কের সরকারি সংস্থা আফাদ পরিচালিত ৫০ শয্যার একটি ফিল্ড হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান ছিলেন।

পরে তুর্কি প্রতিনিধি দলের সদস্যরা একই এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য নির্মাণাধীন অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। তাছাড়া উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরে রেড ক্রিসেন্টের স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গাদের দ্বারা সাবান তৈরির কারখানা পরিদর্শন করেন তারা।

বেলা আড়াইটায় তারা বিমানে ঢাকার উদ্দ্যেশে রওনা হন বলে জানান ডিসি মামুনুর রশীদ।