গাজীপুরে আগুনে পুড়ল ৩৫ ঘর
গাজীপুরের শহরের বাহাদুরপুর মণ্ডল বাড়ি এলাকায় আগুন লেগে ৩৫টি ঘর পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা তাশারফ হোসেন জানান, শনিবার বেলা ১১টার দিকে লাগা এ আগুন তাদের তিনটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
তাশারফ বলেন, বাহারদুপুর মণ্ডলবাড়ি এলাকার কামাল হোসেনের মালিকানাধীন বাড়ির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুতই তা পাশের অন্যান্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ঘর গুলোতে থাকা আসবাবপত্র, নগদ টাকা পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ঘরগুলোতে কারখানার শ্রমিকরা ভাড়া থাকত। ওই সময় কারখানার শ্রমিকরা কাজে থাকায় ঘরগুলো তালাবদ্ধ ছিল বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
তিনি বলেন, আগুন লাগার পর আশেপাশে কারখানার শ্রমিক এবং এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
