রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকতে না দেওয়ার অভিযোগ
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশে যাওয়ার পথে পুলিশ আশুগঞ্জেই আটকে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা।
শনিবার দুপুর ১২টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজায় সংসদ সচিবালয়ের স্টিকার সম্বলিত রুমিন ফারহানার গাড়ি আটকে দেওয়া হয়।
এ সময় সংসদ সদস্য উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, “আমি ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় সমাবেশে যোগ দিতে এসেছিলাম। আমাকে ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকতে দিচ্ছে না পুলিশ।”
তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন গণমাধ্যমকে বলেন, “রুমিন ফারহানার গাড়ি আটক করা হয়নি। তাকে আমরা বলেছি, সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি আছে। সেখানে সমাবেশ করা যাবে না।”
রুমিন ফারহানা দুপুর থেকে আশুগঞ্জের মহাসড়কের পাশের উজান-ভাটি রেস্টুরেন্টে অবস্থান করছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিএনপি জানায়, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে তারা মহাসমাবেশের ডাক দিয়েছিলেন।
আর জেলা ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানেই ছাত্রসমাবেশের ডাক দেয়।
এরপরই শুক্রবার সন্ধ্যায় একই স্থানে একই সময়ে বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ আহ্বান করায় ‘নিরাপত্তার স্বার্থে’ শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এর ফলে শহরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।
এই অবস্থার মধ্যে শুক্রবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান এবং সদস্য জহিরুল হক খোকন ও সিরাজুল ইসলামকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
শনিবার পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪০টি পয়েন্টে পাঁচ শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
সকাল সাড়ে ১০টায় পৈরতলা বাসস্ট্যান্ডে গিয়ে সব বাসের কাউন্টার বন্ধ পাওয়া গেছে। শহরের ভাদুঘর পৌর বাস টার্মিনাল থেকেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ যাত্রীরা।
