২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়িয়ায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ-বোমাবাজি: ৩ মামলা, গ্রেপ্তার ১

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণ, ব্যালট বাক্স ছিনতাই ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2022, 04:07 PM

Updated : 28 Apr 2022, 11:23 PM

নড়িয়া থানার ওসি অবণী শংকর কর জানান, বৃহস্পতিবার ভোর দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল ওয়াদুদ মিয়া ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি শরিফুল আলম ইমন বাদি হয়ে মামলা দায়ের করেন।

মামলায় পরাজিত চেয়ারম্যানসহ ৩৫ জনসহ অজ্ঞাত পরিচয় আরও ৭/৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার বরাতে ওসি জানান, ৫ম ধাপের ইউপি নির্বাচনে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদে শহীদুল ইসলাম সিকদার (আনারস) ও দেলোয়ার হোসেন বেপারী (চশমা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ২২ দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে বেলা ২টার দিকে দুবৃর্ত্তরা অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় তারা শত শত বোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশের গুলি শেষ হয়ে গেলে তারা পিছু হটে। এ সময় সন্ত্রাসীরা কেন্দ্রের দরজা জানালা ভেঙে ভেতরে ঢুকে অগ্নিসংযোগ শুরু করে এবং ব্যালট পেপার ছিনতাই করে।

তাদের লাগানো আগুনে ভোটের বাক্স, স্কুলের আসবাবপত্র ও বাইরে থাকা ৫টি মোটর সাইকল পুড়ে যায়। পরে হামলাকারীরা ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এসময় তারা মোটর সাইকেল ভাঙচুর করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

তিনি বলেন, এ ঘটনায় দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল ওয়াদুদ মিয়া বাদী হয়ে ২০ জনকে আসামি করে দুটি মামলা করেন। আর কালের কন্ঠের জেলা প্রতিনিধি শরিফুল আলম ইমন বাদী হয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন বেপারীসহ ১৫ জনের নাম উল্লেখসহ আরও ৭/৮ জনকে আসামি করে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর প্রিসাইডিং কর্মকর্তার করা মামলার প্রধান আসামি কবীর চৌকিদারকে (৩০) বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি অবণী শংকর।

পুরনো খবর:

শরীয়তপুরে ভোটকেন্দ্রে বোমাবাজি, ব্যালট ছিনতাই, অগ্নিসংযোগ