২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ভোটকেন্দ্রে বোমাবাজি, ব্যালট ছিনতাই, অগ্নিসংযোগ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণ, ব্যালট বাক্স ছিনতাই ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 11:35 PM

Updated : 28 Apr 2022, 11:22 PM

বুধবার দুপুর ২টার দিকে ভোজেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান।

জেলা নির্বাচন কর্মকর্তা  মো. জাহিদ হোসেন কেন্দ্রটিতে ভোট স্থগিত করেছেন বলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান।

আব্দুল ওয়াদুদ বলেন, “দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড গুলি ছোঁড়ে। এক পর্যায়ে পুলিশের গুলি শেষ হয়ে যায়।

“সন্ত্রাসীরা স্কুলের দরজা জানালা ভেঙে ব্যালট পেপার ছিনিয়ে নেয় এবং ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করে। তাদের অগ্নিসংযোগে ভোটের বাক্স, স্কুলের আসবাবপত্র ও বাইরে থাকা ৫টি মোটরসাইকল পুড়ে যায়। এ ঘটনায় ২০/২৫ জনের মতো আহত হয়েছে।”

পরে শরীয়তপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।

এ বিষয়ে শরীয়তপুরের এসপি এস এম আশরাফুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি পরে জানাবেন বলে জানান।

স্বতন্ত্র প্রার্থী শহীদুল হক সিকদার সাংবাদিকদের বলেন, তার প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনিয়ে নিয়েছে এবং কেন্দ্রে অগ্নিসংযোগ করেছে। প্রশাসনকে জানালেও তারা কেন্দ্রের সুরক্ষা দিতে পারেননি।