২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দুই প্রার্থীর বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চলাকালে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 08:45 PM

Updated : 02 Aug 2022, 02:28 PM

বুধবার দুপুরে রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এই সহিংসতা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম।

নিহত জাকির হোসেন (৩৫) জাইগুলী উত্তর পাড়ার মৃত লয়া মিয়ার ছেলে। তিনি সদস্য পদপ্রার্থী সাইদুল ইসলামের (টিউবওয়েল  প্রতীক) সমর্থক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের কাছে টিউবওয়েল মার্কায় ভোট চাইছিলেন জাকির। এ সময় তাকে আরেক সদস্য পদপ্রার্থী মিঠু মিয়ার (ফুটবল প্রতীক) কর্মী- সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়; এতে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে একদল লোক জাকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

জাকিরকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টায় জাকির মারা যান বলে জানান ওসি।

তিনি আরও জানান, এ ঘটনার পর ভোটকেন্দ্র ও তার আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে ভোটকেন্দ্র ফাঁকা হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

জাকিরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে ওসি জানান।