২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ‘প্রিজাইডিং কর্মকর্তা নিজেই সিল মারলেন’ ব্যালটে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকার আশুলিয়ায় একটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ উঠেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 05:59 PM

Updated : 02 Aug 2022, 02:28 PM

তাছাড়া পুলিশের বিরুদ্ধে নৌকায় ভোট দিতে সহযোগিতার অভিযোগ করেছেন ভোটাররা।

আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদের প্রার্থী হেলাল বেপারী বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

হেলাল বলেন, “বেলা পৌনে ১১টার দিকে আমি আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা হারুন উর রশিদের রুমে যাই। প্রিজাইডিং কর্মকর্তা তার রুমে বসে নিজে ব্যালট বই নিয়ে সিল মারছিলেন। তার সঙ্গে আরও কয়েকজ ছিলেন। মোট তিনটা বই নিয়ে তারা সিল মারছিলেন।”

প্রিজাইডিং কর্মকর্তা ‘নিজে’ সিল মারার অভিযোগ অস্বীকার করেছেন। তবে তার সামনে ‘নৌকার লোকজন’ সিল মেরেছেন বলে তিনি স্বীকার করেছেন।

তিনি বলেন, ”কয়েকজন এসে জোর করে আমার কাছ থেকে ব্যালট বই নিয়ে যায়। আমি চেষ্টা করছিলাম যেন তারা কোনো সিল না মারে, কিন্তু তারা আমার কথা শোনেননি। তাছাড়া বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মতো সময়ও পাইনি।”

কয়টি ব্যালট পেপারে সিল মারা হয়েছে জানতে চাইলে হারুন উর রশিদ বলেন, “আমি কোনো সিল মারিনি। আমার সামনে নৌকার কিছু লোকজন জোরপূর্বক সিল মেরেছে। কিন্তু আমি মারি নাই। শতাধিক ব্যালটে তারা সিল মেরেছে মনে হয়।”

প্রিজাইডিং কর্মকর্তা রশিদ অসহায়ত্ব প্রকাশ করে বলেন, “আমি তাদের অনুরোধ করেছিলাম সিল না মারার জন্য। তবে যে ব্যালটগুলোতে সিল মারা হয়েছে সেই ভোটগুলো আমি বাতিল করার ব্যবস্থা করব।”

তাছাড়া একই সময় আশুলিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে ভোট বন্ধের দাবি জানান কয়েকজন প্রার্থী ও ভোটাররা। এ সময় কেন্দ্রটিতে হট্টগোল হয়। তাছাড়া কেন্দ্রটিতে পুলিশের বিরুদ্ধে নৌকায় ভোট দিতে সহযোগিতার অভিযোগ উঠেছে।

এক প্রার্থীর সমর্থক বলেন, “নৌকায় ভোট দেওয়ার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করছে। আমরা এখানে ভোট বন্ধের দাবি জানাচ্ছি।”

একই অভিযোগ করেন ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদের প্রার্থী হেলাল উদ্দিন মাদবর।

তিনি বলেন, ”আমি জানতে পেরেছি আশুলিয়া কেন্দ্রে নৌকা প্রতীকে জোরপূর্বক সিল মারা হচ্ছে।”

তবে কেন্দ্রটির দায়িত্বে থাকা রিজার্ভ ফোর্সের এসআই মফিজুর রহমান এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, “এটা অসম্ভব!”

এসআই আরো বলেন, ”কে কী বলল সেটা দেখার বিষয় না। আমার দায়িত্ব আমি পালন করছি।”

এ ঘটনার পর কেন্দ্রটি পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, ”আমরা পরিস্থিতি দেখছি। ভোট সুষ্ঠু করাটাই এখন প্রধান কাজ। সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

জাল ভোটের বিষয়ে নৌকার প্রার্থী শাহাবুদ্দিন মাদবরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সিাড়া দেননি।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে দেশের ৭০৮ ইউনিয়নে ভোট শুরু হয় বুধবার সকাল ৮টায়, যা একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত।