শরীয়তপুরে প্রাকৃতিক গ্যাসের হদিস, মজুত অনুসন্ধানে কূপ
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রাথমিকভাবে প্রাকৃতিক গ্যাসের হদিস মেলার পর মজুতের পরিমাণ জানতে কূপ খনন চলাকালেই মানুষ পদ্মা সেতুর মতোই আরেক সম্ভাবনার হাতছানিতে উচ্ছ্বসিত হয়েছেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) বলেছে, ২০১৪-১৫ অর্থবছরে মেঘনা নদীর তীর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি থেকে খুলনা পর্যন্ত বিশাল এলাকাজুড়ে দ্বি-মাত্রিক ভূকম্পন সমীক্ষা (টু-ডি সিসমিক জরিপ) করা হয়। ওই জরিপে নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা গ্রামে প্রাথমিকভাবে সন্ধান মেলে প্রাকৃতিক গ্যাসের। এরপর নানা পরীক্ষা-নিরীক্ষা হয়। সম্ভাব্য স্থান হিসাবে গ্রামটি চিহ্নিত করে বাপেক্স। গত ছয় মাস ধরে চলছে কূপ খননের কাজ।
বাপেক্সের মহাপরিচালক এবং ’শরীয়তপুর তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প-১’ এর প্রকল্প পরিচালক (পিডি) মো. তোফায়েল সিকদার গণমাধ্যমকে বলেন, “এখানকার কূপ থেকে পাওয়া গ্যাসের ডিএসটি [ড্রিল স্টেম] টেস্ট করা হবে। ওই পরীক্ষা ও অনুসন্ধান সফল হলে গ্যাসের মজুতের অবস্থা বোঝা যাবে।”
“যদি সবকিছু অনুকূলে থাকে, তাহলে গ্যাস উৎপাদন ক্ষেত্র (প্ল্যান্ট) স্থাপন করা হবে,” যোগ করেন প্রকল্প পরিচালক।
বাপেক্স কর্মকর্তারা জানান, ‘শরীয়তপুর তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প-১’ খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ কোটি টাকা ব্যয়ে দেড় বছর মেয়াদি একটি প্রকল্প। এর কাজ চলবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।
শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, অনুসন্ধান কূপ খনন ও অন্যান্য কাজের জন্য দিনারা গ্রামের কৃষকদের ছয় দশমিক ৪৯ একর জমির হুকুম দখল নেওয়া হয়েছে। দুই বছরের ফসলের ক্ষতিপূরণ বাবদ কৃষকদের ২৫ লাখ ১৮ হাজার ৫৫৬ টাকা দেওয়া হবে।
তিনি বলেন, “যদি গ্যাসের মজুত বেশি থাকে তাহলেই বাপেক্স এখানে উৎপাদন ক্ষেত্র স্থাপন করবে। তখন এই অঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা তৈরি হবে। মানুষ এতে খুশি।”
গ্যাস পাওয়ার খবরে মানুষ যে খুশি সেটি বোঝা গেছে তাদের উচ্ছ্বাসে। তারা একে পদ্মা সেতুর মতোই একটি স্বপ্ন ও সম্ভাবনা হিসেবে দেখছেন; যেখানে গ্যাসকে কেন্দ্র করে শিল্পায়নের ফলে নদীভাঙন কবলিত এলাকার মানুষের ভাগ্য সুপ্রসন্ন হবে।
সোমবার সকালে দিনারা গ্রামে সরজমিন ঘুরে চোখে পড়ে ব্যাপক কর্মকাণ্ড। গ্রামের পাঁচ একর জমিতে টাঙানো হয়েছে কূপ খননের নিশানা। চারদিকে পাইলিংয়ের শব্দ, সড়ক ও কালভার্ট নির্মাণ, মাটি ভরাটের কাজ, ভারী যন্ত্রপাতির আনাগোনা, দূর-দূরান্ত থেকে আসা উৎসুক মানুষের ভিড়, হাঁকডাক – সব মিলিয়ে শান্ত-নিবিড় গ্রামটি যেন তার চিরাচরিত চেহারা হারিয়ে কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে।
কূপ খনন কাজের জন্য গ্রামের বাসিন্দা মান্নান তালুকদারের ৪০ শতাংশ জমি সরকার হুকুম দখল করেছে। কিন্তু এতে তার কোনো আক্ষেপ নেই। ক্ষতিপূরণ পাচ্ছেন, সেটা বড় কথা নয়।
মান্নানের কথা হচ্ছে, “গ্যাসের খবরে আমরাসহ এলাকাবাসী আনন্দিত। বাপ-দাদার জমি গেলেও গ্যাস অনুসন্ধান করার খবরে আমরা আনন্দে আছি।”
প্রায় একই অভিব্যক্তি দিনারা গ্রামের আবদুল কুদ্দুস মুন্সি, লোকমান ঢালীর। তাদের কথা, পদ্মা সেতু এখানকার মানুষের চিন্তা-ভাবনা পাল্টে দিয়েছে। তারা পদ্মা সেতুকে কেন্দ্র করে নতুন নতুন স্বপ্ন ও সম্ভাবনা দেখছেন। এর মধ্যে গ্যাসের সন্ধানে তাদের বাড়তি আশা জোগাচ্ছে।
লোকমান ঢালী বলেন, “কূপের সফলতা মিললে আমাদের এলাকায় নির্মাণ হবে কল-কারখানা। গ্রাম পাবে নগরায়ণের ছোঁয়া, সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। তাই জমি হারালেও আমাদের কোনো ক্ষোভ নেই।”
চামটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আতাউর রহমান বলেন, “প্রতিবছর আমাদের জমিতে যে ফসল হত, তার দ্বিগুণ টাকা আমাদের ক্ষতিপূরণ বাবদ দিয়েছে সরকার। আমাদের এলাকায় প্রাকৃতিক গ্যাস পাওয়ায় আমরা খুশি।”
