‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ অনুষ্ঠান ঘিরে নানা প্রস্তুতি
গোপালগঞ্জে ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানকে সামনে রেখে নানা প্রস্তুতি শুরু হয়েছে।
মুজিববর্ষের সমাপনী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার জানান।
তিনি বলেন “আগামী ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন।
“৯ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স সংলগ্ন মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে; চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এরপর ১৩ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে সাত দিনব্যাপী আন্তর্জাতিক লোকজ মোলা অনুষ্ঠিত হবে।”
তিনি জানান, সমাধিসৌধ সংলগ্ন মাঠে গণপূর্ত অধিদপ্তর বিশাল আকৃতির প্যান্ডেল ও মঞ্চ নির্মাণ করছে। টুঙ্গিপাড়া উপজেলা সদরের ৮ কিলোমিটার সড়ক বর্ণিল সাজে সাজানো হচ্ছে। নির্মাণ করা হচ্ছে সুদৃশ্য তোরণ। লোকজ মেলা উপলক্ষে টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ সাজানো হচ্ছে আধুনিক সজ্জায়।
এর আগে সোমবার দুপুরে প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
এদিকে ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানকে সামনে রেখে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এ সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
