২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে কোভিড আইসোলেশন সেন্টার ভস্মীভূত

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে করোনাভাইরাস আক্রান্তদের একটি আইসোলেশন সেন্টার পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2022, 11:26 PM

Updated : 28 Apr 2022, 11:21 PM

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উখিয়ার কুতুপালং এক্সটেনশন-২০ শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটেছে।

তিনি জানান, সন্ধ্যায় ক্যাম্পের একটি আন্তর্জাতিক সংস্থার পরিচালনাধীন কোভিড রোগীদের চিকিৎসার জন্য স্থাপিত আইসোলেশন সেন্টারে হঠাৎ আগুন ধরে। ঘটনার পরপরই উখিয়ার ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত আইসোলেশন সেন্টারটির দুই-তৃতীয়াংশের বেশি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।”

আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি; কারণ জানাতে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান।