কুমিল্লায় নৌকা সমর্থকের উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ
কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিপক্ষের সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আনিসুর রহমান সরকারের অভিযোগ, “আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও তার লোকজন শনিবার রাতে আমার নেতা-কর্মীর ওপর হামলা চালিয়েছেন। এতে সাবেক মেম্বারসহ ৬ জন আহত হয়েছেন।”
এ ঘটনায় সোমবার মামলা করা হবে বলেও জানান তিনি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবদুল মতিন বলেন, “মাজুর গ্রামের একটি মাহফিল থেকে রাতে চৈনপুর গ্রামে যাচ্ছিলাম। পথে টনকী গ্রামে আমাদের সিএনজি-অটোরিকশায় হামলা চালায় জাকির হোসেনের ১০/১২ জন লোক।
“হামলায় তাদের রামদা, রড, লোহার পাইপের আঘাতে জমির উদ্দিন, আবদুল কাইয়ুম, ওলিউল্লাহ, চালক সেলিম মিয়া ও আবদুল হাকিম আহত হয়েছেন।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন জাকির হোসেন সরকার।
এ বিষয়ে উপজেলার বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, “শনিবার রাতে টনকী বাজারে সমস্যা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে কেউ এখনও লিখিত অভিযোগ দেয়নি।”
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আগামী ৩১ জানুয়ারি ইউনিয়নটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
