২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন ধরে রাখতে পুলিশকে অগ্রণী হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শৃঙ্খলা, শান্তি ও উন্নয়ন ধরে রাখতে পুলিশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে স্মরণ করিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2022, 10:19 PM

Updated : 25 Oct 2022, 10:07 AM

রোববার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে নতুন নিয়োগ পাওয়া কনস্টেবলদের প্রশিক্ষণ উদ্বোধনে একথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা ঠিক না থাকলে কোনো উন্নয়নই কাজে আসবে না। তাই দেশের শৃঙ্খলা, শান্তি ও উন্নয়ন ধরে রাখতে পুলিশ বাহিনীকে ‘অগ্রণী ভূমিকা’ পালন করতে হবে।

“ইতিমধ্যে আমাদের পুলিশ বাহিনী বিশ্বমানের পু্লিশ বাহিনীতে রূপ নিয়েছে। তাদের এই অগ্রযাত্রাকে ধরে রাখতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে হবে।”

নব-নিয়োগকৃত ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতির মধ্যে দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ার মাধ্যমে তিন হাজার ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের নিয়োগ দেওয়া হয়েছে। এরা সম্পূর্ণ যোগ্যতা, দক্ষতা ও মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছে।

একাডেমির অধ্যক্ষ খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন ও মহাপুলিশ পরিদর্শক বেনজীর আহমেদ।