দোহারে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২
ঢাকার দোহার উপজেলায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুলতান মাহমুদ জানান, উপজেলার কার্তিকপুর বাজার এলাকায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাসিম ভূঁইয়া (৪৫) ওই এলাকার বশির উদ্দিন ভূঁইয়ার ছেলে।
এ ঘটনায় আটকদের নাম জানায় নি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, “সন্ধ্যায় কে বা কারা নাসিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে নাসিমের মৃত্যু হয়।”
পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।
তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
