‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন নাহিদা বারিক
করোনাভাইরাস মহামারীকালে মানবিক কাজের স্বীকৃতি হিসেবে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ পেয়েছেন নারায়ণগঞ্জের সেই আলোচিত ইউএনও নাহিদা বারিক।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকতার হোসেন, ওআইসির প্রেসিডেন্ট তাহা আয়হান, তাতারস্তানের যুব মন্ত্রী তিমুর সুলেমানাভ ও মালদ্বীপের যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রী আহমেদ মাহলুফ।
জাতীয় পর্যায়ে করোনা পরিস্থিতিতে ‘সার্ভিস এক্সিলেন্স’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেন নাহিদা। তিনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’ এর অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ পুরস্কার ঘোষণা করা হয়।
“সকল প্রতিকূলতার মধ্যেও দায়িত্ববোধ ও মানুষের পাশে থাকা। সেই মানবিকতার টানে করোনার ভয়কে পেছনে ঠেলে ঝাঁপিয়ে পড়েছিলাম। চেষ্টা করেছি মানুষের জন্য কিছু করার।”
তিনি মনে করেন, আজকের অর্জন ও কৃতিত্ব তাদের প্রতি যারা তাকে ওই সময় কাজ করতে সহযোগিতা করেছিলেন।
তিনি এই পুরস্কার তাদের জন্যই উৎসর্গ করেছেন। একই সঙ্গে যে পরিবারগুলো এই সংকটে স্বজন হারিয়েছেন তাদের জন্য বিনম্র শ্রদ্ধা জানান।
গত দুই বছর নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন নাহিদা বারিক। তিনি চলতি বছরের ২৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে যোগদান করেন।
