ঝিনাইদহে চা দোকানিকে ‘হাতুড়ি পিটিয়ে’ হত্যা, ভাই আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক চা দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মৃত্যুর পর তার বড় ভাইকে আটক করা হয়েছে বলে জেলার পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান।
নিহত ইনানুর রহমান (৪০) উপজেলার কুলতলা বাজিপোতা গ্রামের লুৎফর রহমানের ছেলে।
শুক্রবার সকাল ৮টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
জেলার মহেশপুর পৌরসভার কাউন্সিলর মিন্টু হোসেন জানান, পৌরসভার কুলতলা বাজারে ইনানুরের একটি চারের দোকান আছে। বৃহস্পতিবার রাতে ইনানুর দোকানে ঘুমিয়ে ছিলেন। সকালে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
“তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। তাছাড়া তার গলায় মাফলার পেঁচানো দেখা গেছে।”
জমিজমা নিয়ে বড় ভাই আজানুরের সঙ্গে ইনানুরের বিরোধ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার বলেন, “জিজ্ঞাসাদে আজানুর স্বীকার করেছেন ইনানুরকে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হরেছে।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।
