নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: প্রচারে ব্যস্ত প্রার্থীরা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রচারে ব্যস্ত সময় পার করছেন মেয়র পদের প্রার্থীরা।
বৃহস্পতিবার নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারসহ অন্যান্য প্রার্থীদের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে দেখা গেছে।
সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি, মধ্যজালকুড়ি, উত্তর জালকুড়ি এলাকায় গণসংযোগ ও পথসভা করেন সেলিনা হায়াৎ আইভী। তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় সেলিনা হায়াৎ আইভী বলেন, “সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনের সময় সিটিবাসীর সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড করিনি, চাদাঁবাজি করিনি। যা কিছু করেছি নগরবাসীর স্বার্থে করেছি, জনকল্যাণে করেছি।
“নগরবাসীর চাহিদা অনুযায়ী পরিকল্পনা নিয়ে নগরের উন্নয়নে কাজ করছি। তাই আবার নারায়ণগঞ্জবাসীর সেবা করার জন্য জনগণের কাছে নৌকা প্রতীকে ভোট চাই।”
শীতলক্ষ্যা নদীতে কদমরসুল এলাকায় একটি সেতু নির্মাণের টেন্ডার হয়ে গেছে উল্লেখ করে জালকুড়িতে মাঠ ও স্কুল নির্মাণের আশ্বাস দেন তিনি।
অপরদিকে সকালে নগরের নিতাইগঞ্জ, শীতলক্ষ্যা, তামাকপট্টি, বাপ্পি চত্বরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন হাতি প্রতীকের প্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি লিফলেট বিতরণ করে হাতি প্রতীকে ভোট চান।
এ সময় তৈমুর আলম খন্দকার বলেন, “নারায়ণগঞ্জে অনেক সমস্যা। কিন্তু এসব সমস্যা সমাধানে কোটি কোটি টাকার প্রয়োজন নেই। একটু উদ্যোগ ও প্রচেষ্টাই যথেষ্ট।”
তিনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জকে গ্রিন ও ক্লিন সিটি করার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া যারা ছাদবাগান করবেন তাদের উৎসাহিত করার জন্য হোল্ডিং ট্যাক্স কমানো হবে বলেও জানান।
নির্বাচনে আইভী-তৈমুর ছাড়াও মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাসুম বিল্লাহ্ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের জসীমউদ্দীন (বটগাছ) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামরুল ইসলাম বাবু ’ঘোড়া’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১৬ জানুয়ারি নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
