আন্দোলন চলতে থাকবে: মির্জা ফখরুল
এই সরকারের পতন, খালেদা জিয়ার মুক্তি আর তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য বিএনপির আন্দোলন চলতে থাকবে বলেছেন দলের মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার চত্বরে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আজকে এই সমাবেশ থেকে আমরা শপথ গ্রহণ করি, যতদিন পর্যন্ত এই সরকারকে আমরা সরাতে না পারছি, যতদিন পর্যন্ত খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে না পারছি, যতদিন পর্যন্ত তারেক জিয়াকে দেশে ফিরিয়ে না আনতে পারছি ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে।”
গণতন্ত্র উদ্ধারের জন্য, খালেদা জিয়ার মুক্তির জন্য, নির্বাসিত নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য তিনি নেতাকর্মীদের দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন উল্লেখ করে ফখরুল বলেন, “খালেদা জিয়ার মুক্তি এবং তার চিকিৎসার দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি।”
খালেদা জিয়া যতদিন পর্যন্ত মুক্ত হবেন ও চিকিৎসার জন্য যতদিন তাকে বাইরে পাঠানো না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে, বলেন ফখরুল।
এই সরকার ‘আমাদের সমস্ত অর্জন’ কেড়ে নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
ফখরুল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার সমালোচনা করেন; ২০১৪ সালের সংসদ নির্বাচনে ১৫৪টি আসনে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণার সমালোচনা করেন।
ফখরুল বলেন, “সারাদেশে আমাদের ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, আমাদের ৫০০ নেতাকর্মী গুম হয়েছে ইলিয়াস আলীসহ; আমাদের হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, আমার এই ঠাকুরগাঁও সদর ও পৌরসভায় সাড়ে সাত হাজার আসামি, ১০৮টার উপরে মামলা। কিন্তু দমন করতে পেরেছে? পারেনি। এখন আপনারা নতুন উদ্যোমে এখানে এসেছেন।”
ইউপি নির্বাচনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “নতুন কৌশল আবিষ্কার করেছে আওয়ামী লীগ – সেটা কী? প্রিজাইডিং অফিসার দিয়ে ভোট চুরি।”
৩০ ডিসেম্বরকে ‘ভোটাধিকার হরণ দিবস’ উল্লেখ করে তিনি বলেন, “২০১৮ সালে এই ৩০ ডিসেম্বর ভোট হয় নাই, ভোট আগের রাতেই হয়ে গেছে। সুতরাং আমাদের ভোটের অধিকার আমরা ফেরত পেতে চাই, আমাদের কথা বলার অধিকার আমরা ফেরত পেতে চাই। আমার পত্রিকায় লেখার অধিকার আমরা ফেরত পেতে চাই।”
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবু উদ্দীন খোকন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।
