বগুড়ায় ১২ বস্তা সরকারি বইসহ একজন গ্রেপ্তার
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিনামূল্যে বিতরণের সরকারি বইসহ একজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার মোকামতলা বন্দরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে বুধবার রাতে তাকে আটক করা হয় বলে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান।
আটক আইয়ুব আলী (৪০) কুড়িগ্রামের রৌমারি উপজেলার আব্দুল কাদেরের ছেলে।
ওসি সিরাজুল বলেন, সরকারি বই কালোবাজারে বিক্রির একটি চক্রের সদস্য আইয়ুব আলী। তিনি বিভিন্ন এলাকা থেকে বিনামূল্যে বিতরণের সরকারি বই সংগ্রহ করেন। রাতে সপ্তম শ্রেণির দুই হাজার ৪০০ বই ১২টি বস্তায় ভরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় এক ব্যক্তির কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন আইয়ুব। খবর পেয়ে পুলিশ বইসহ তাকে আটক করে।
এ ঘটনায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রিপন মিয়া বাদী হয়ে আইয়ুব আলী ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও দুইজনের নামে মামলা করেছেন বলে জানান ওসি।
