২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় গার্মেন্টসকর্মীকে ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগ, কর্মকর্তা গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় এক নারী শ্রমিককে দলবেঁধে ধর্ষণের মামলায় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2021, 11:29 PM

Updated : 02 Aug 2022, 06:45 PM

বুধবার দুপুরে ওই কর্মকর্তাকে কারখানা থেকে গ্রেপ্তার করা হয় বলে আশুলিয়া থানার পরিদর্শক জামাল সিকদার জানান।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম (৩০) কুমিল্লার মনোহরগঞ্জ থানার সাকতলা গ্রামের বাসিন্দা ও আশুলিয়ার ‘ইয়াগি বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড’ নামের পোশাক কারখানার প্রশাসনিক কর্মকর্তা।

মঙ্গলবার রাতে নথিভুক্ত হওয়া ওই মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১৮ ডিসেম্বর ওই নারী হেলপার পদে কারখানাটিতে চাকরি নেন। ২৩ ডিসেম্বর দুপুরে কারখানার এক নারী এসে রক্ত লাগবে জানিয়ে তাকে নিচ তলার একটি কক্ষে নিয়ে যান। সেখানে আগে থেকেই জাহাঙ্গীর আলমসহ আরও দুই ব্যক্তি উপস্থিত ছিলেন। রক্ত নেওয়ার কথা বলে ইনজেকশন পুশ করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যান তারা।

মামলায় আরও বলা হয়, জ্ঞান ফিরলে ওই নারী বাড়ি গিয়ে বাবা-মাকে বিষয়টি খুলে বলেন। পরে বাবা-মাকে নিয়ে কারখানায় গেলে এক নিরাপত্তাকর্মী ও জাহাঙ্গীর আলম তাদের কারখানার ভেতর ঢুকতে না দিয়ে তাড়িয়ে দেন।

মঙ্গলবার বিষয়টি শ্রমিকরা জানতে পারলে তারা কর্মবিরতি করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।

পরিদর্শক জামাল সিকদার বলেন, “পোশাক কারখানার এক শ্রমিককে ধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হয়েছে। মামলায় কারখানার প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে।”

ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কারখানাটির পরিচালক মোরশেদ কবির পলাশ বলেন, “আসলে ধর্ষণের ঘটনাটি ঘটেছে কি না তা আমরা নিশ্চিত নই। বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলছে। এমন কিছু ঘটে থাকলে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান আশুলিয়ার থানার ওসি এস এম কামরুজ্জামান।