রাজশাহীতে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু
রাজশাহীতে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।
বুধবার সকাল ৯টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত এ টিকাদান চলে বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী জানান।
তিনি বলেন, “টিকা নেওয়ার পর যাদের ছয় মাস অতিক্রান্ত হয়েছে এবং এসএমএস পেয়েছেন সেসব ষাটোর্ধ্ব ব্যক্তিরা প্রথম দিনে বুস্টার ডোজ গ্রহণের সুযোগ পেয়েছেন।
“প্রথম দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮০০ ও পুলিশ লাইন্স হাসপাতালে ৪০০ জনকে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হয়।”
রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, “নগরীতে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। শিগগিরই জেলার নয় উপজেলাতে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।“
তিনি জানান, জেলায় এ পর্যন্ত প্রথম ডোজ করোনাভাইরাস টিকা নিয়েছেন প্রায় ১২ লাখ সাড়ে ৬১ হাজার জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় ৮ লাখ ৩৬ হাজার জন।
