২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট হত্যার বিচার দাবি

হবিগঞ্জ সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদ হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2021, 05:44 PM

Updated : 08 Apr 2022, 12:04 AM

হাসপাতালের সামনে বুধবার দুপুরে এই প্রতিবাদ সমাবেশে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিমাংশু লাল দাশ যোগ দেন।

তিনি হত্যায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে সিলেট বিভাগে স্বাস্থ্যসেবা বন্ধের ঘোষণা দেন।

হিমাংশু লাল বলেন, “নিরীহ একজন স্বাস্থ্যকর্মীকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

“হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাই। ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে সিলেট বিভাগে স্বাস্থ্যসেবা বন্ধ করে দেওয়া হবে।”

মঙ্গলবার হবিগঞ্জ শহরে টাউন হল এলাকায় কয়েকজন লোক সাইফুলকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলার সভাপতি মুশফিক হোসেন চৌধুরী প্রতিবাদ সভায় যোগ দেন।

তিনি বলেন, “সাইফুল ইসলাম করোনাভাইরাসের সময় হাজার হাজার মানুষকে সেবা দিয়েছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে নমুনা সংগ্রহ করেছেন। এই ছেলেটাকে নির্মভাবে খুন করা হয়েছে। এতে শুধু আমরা স্বাস্থ্যকর্মীরা নই, পুরো হবিগঞ্জের মানুষ মর্মাহত।

“স্বাস্থ্য বিভাগ যে কর্মসূচি ঘোষণাই দিক আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।”

প্রতিবাদ সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল করেন।