২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর রাতে প্রসূতিকে হাসপাতালে নিল পুলিশ

নির্বাচনী সহিংসতায় গ্রেপ্তার এড়াতে গোপালগঞ্জের পুরুষশূন্য এক গ্রামের প্রসূতিকে হাসপাতালে নিয়ে গেছে একদল টহল পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গোপালগঞ্জ  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2021, 12:33 AM

Updated : 02 Aug 2022, 06:46 PM

টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের গজালিয়া গ্রামে সোমবার রাতে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে লুবনা খাতুন নামের এই গৃহবধূর একটি মেয়ে হয়েছে। লুবনা গজালিয়া গ্রামের ইউসুফ হোসেনের স্ত্রী।

টুঙ্গিপাড়া থানার এসআই কামরুল ইসলাম বলেন, গত ২৬ ডিসেম্বর বর্নি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর জেরে সোমবার রাতে ১ নম্বর ওয়ার্ডের পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থী খায়রুল আমিন ও মনির শিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় গ্রেপ্তার এড়াতে গজালিয়া গ্রামের পুরুষরা এলাকাছাড়া হয়ে যায়।

কামরুল ইসলাম বলেন, সোমবার রাত ২টার দিকে ওই গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূর প্রসব যন্ত্রণা শুরু হলে পরিবারের নারী সদস্যরা তাকে হাসপাতালে নিতে কোনো যানবাহন পাচ্ছিল না। একটি গাড়ির অপেক্ষায় ওই নারীসহ তার স্বজনরা দেড় ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।

তখন টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি টহল দল গাড়ি নিয়ে ওই স্থানে যায়।

“গভীর রাতে রাস্তায় নারীসহ কয়েকজনকে দেখে গাড়ি থামিয়ে তাদের  জিজ্ঞাসাবাদ করে তারা ঘটনা জানতে পারন; এরপর পুলিশের গাড়িতে করে প্রথমে ওই গৃহবধূকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেন পুলিশ সদস্যরা।”

টুঙ্গিপাড়া থানার এসআই কামরুল ইসলাম বলেন, “দায়িত্ববোধ, অত্যন্ত মানবিক কারণ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি এই কাজটি করেছি।”

প্রসূতি মহিলার স্বামী ইউসুফ হোসেন বলেন, “গভীর রাতে পুলিশ ত্রাতার ভূমিকা পালন করেছে। তাদের এই মহৎ উদ্যোগে আমার স্ত্রী ও সদ্যজাত কন্যার প্রাণ রক্ষা পেয়েছে। তাই মঙ্গলবার সকালে আমাদের মুখে হাসি ফুটেছে।”

এজন্য তিনি টুঙ্গিপাড়া থানার এসআই কামরুল ইসলামসহ টহল  পুলিশের সকল সদস্যের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, মঙ্গলবার ভোরে ওই প্রসূতি হাসপাতালে ভর্তি হন। পরে কন্যা সন্তান প্রসব করেন। এখন  মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে।