২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডানে-বাঁয়ে তাকাননি অটোরিকশার চালক’, নবাবগঞ্জে প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে তিন স্বজন নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2021, 05:18 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

হতাহতরা তাদের এক আত্মীয়র মৃত্যুর খবর পেয়ে শেষ দেখা দেখতে যাচ্ছিলেন বলে নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানিয়েছেন।

সোমবার সকালে উপজেলার মৃধাকান্দা মোড় এলাকায় তারা হতাহত হন।

নিহতরা হলেন উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গুঙ্গেরপাড় গ্রামের ময়না বেগম (৫০), মেয়ে সুফিয়া (৩০) ও রাহেলা বেগম (৪০) নামে তাদের এক আত্মীয়।

তাছাড়া মালা বেগম (৪৬) নামে তাদের আরও এক আত্মীয় আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি সিরাজুল পরিবার ও স্থানীয়দের বরাতে বলেন, সকালে ময়নার ফুপুর মৃত্যুর খবর আসে। তারা চারজন অটোরিকশায় করে দোহারের খালপাড় এলাকা যাচ্ছিলেন।

“পথে অটোরিকশার চালক ডানে-বাঁয়ে না তাকিয়ে প্রধান আঞ্চলিক সড়ক অতিক্রম করছিলেন। তখন দ্রুত গতিতে আসা বালুবাহী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে চার স্বজন গুরুতর আহত হন।”

স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং আহত মালাকে ঢাকায় মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি সিরাজুল।

ওসি বলেন, পরবারের আবেদনে ময়নাতদন্ত না করেই লাশ হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের ধরা যায়নি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সিরাজুল।